মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত পরিচালক ও অভিনেতা বিপি সিং

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বর্ষীয়ান প্রযোজক, পরিচালক ও অভিনেতা ব্রিজেন্দ্র পাল সিং। যিনি বিপি সিং নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদরোগে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৭ বছর বয়স হয়েছিল এ তারকার। এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিপি সিংহের হাত ধরেই ভারতীয় টেলিভিশনে জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিয়েছিল অপরাধ উন্মোচনবিষয়ক অনুষ্ঠান ‘সিআইডি’। এর প্রযোজক ও পরিচালক ছিলেন তিনি।

তাঁর প্রযোজনা ও পরিচালনায় নির্মিত ‘সিআইডি’ একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৯৮ সালে প্রচার শুরু হওয়া ধারাবাহিকটি ভারতীয় টেলিভিশনের দীর্ঘস্থায়ী ও আলোচিত অপরাধভিত্তিক সিরিজগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠে।

‘সিআইডি’তে মুম্বাইয়ের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের বিভিন্ন জটিল অপরাধের রহস্য উদ্‌ঘাটন করতে দেখা যেত। অপরাধীদের শনাক্ত করা, রহস্যের সমাধান এবং প্রতিটি ঘটনার নাটকীয় মোড় দর্শকদের কাছে ধারাবাহিকটিকে আকর্ষণীয় করে তুলেছিল। দীর্ঘদিন ধরে প্রচারিত এই সিরিজটি বহু দর্শকের স্মৃতিতে জায়গা করে নিয়েছে।

তদন্তভিত্তিক অপরাধমূলক নাটকের পাশাপাশি ভৌতিক ও অতিপ্রাকৃত কাহিনির জগতেও দুর্দান্ত মুন্সিয়ানা দেখিয়েছিলেন বিপি সিং। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সুদীর্ঘ সময় ধরে সম্প্রচারিত কালজয়ী ভৌতিক ধারাবাহিক ‘আহট’ (Aahat)-এর প্রযোজকও ছিলেন তিনি, যা সেসময় দর্শকদের মাঝে চরম রোমাঞ্চ ও ভয়ের সৃষ্টি করেছিল।