প্রতিবেদন বলা হয়েছে, তাহসিফ সাউরির উদ্ধার হওয়া লাশ শনাক্ত করেন খালাতো ভাই জহির হাসান। লাশের মাথার চুল কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক, মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ। ছোট ছোট কালো দাঁড়ি ও গোঁফ। হাত দুটো মাথার সামনা-সামনি বাঁকা ছিল। নাক দিয়ে রক্ত বের হয়েছে। এছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরের সব অঙ্গ স্বাভাবিক। পেট ফোলা ছিল। হাতের মুষ্ঠি খোলা পেয়েছেন ময়নাতদন্ত প্রস্তুতকারী কর্মকর্তা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
পরিবার জানায়, ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে শপিং শেষ করে বাসায় ফেরেন তাউসিফ সাউরি। কিছু সময় পর এক সহকর্মীর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন। ২৮ অক্টোবর শেষ মেসেজ দিয়েছিলেন—আসছি। এরপর আর ফেরেননি সাউরি।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে দেশত্যাগ করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ভিডিওটি তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।
২৮ বছর বয়সী তাহসিফ উত্তরার ১৮ নম্বর সেক্টরে থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গায়।
