শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত কিছুদিন যাবত একটি পতিত স্বৈরাচারের পেছনের সমর্থিত কিছু পক্ষ দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। তবে এ ব্যাপারে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা কারখানা বন্ধ করেছে ও পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি করছে, সেসব মালিক ও শ্রমিকদের নামের তালিকা সরকারকে দেবে বিজিএমইএ ও বিকেএমইএ।

সরকার কোনো কারখানা বন্ধ করতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিক নেতারা মজুরি বোর্ডে তাদের প্রতিনিধির নাম দিতে দেরি করেছে। আজ বিকেল তিনটায় শ্রমিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হবে বলেও জানান মন্ত্রী।