দায়িত্ব নিয়েই দুজন শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ দুজন কর্মকর্তা হলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো: ইউসুফ আলী সরদার।
আজ রোববার পৃথক আদেশে তাদের চাকরিচ্যূত করা হয়। এর আগে ইউসুফ আলী সরদারকে তার মূল পদ উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা (বাজার সার্কেল) পদে বদলি করা হয়। দুই কর্মকর্তাকে চাকরিচ্যূতির আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা-২০১৯-এর বিধি ৬৪ (২) অুনসারে জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি হতে অপসারণ করা হলো। এ সময়ে তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন।