নীলফামারীঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক শিশু (১০) মারা গেছেন। শিশুটি জলঢাকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিন কাজিরহাট এলাকার হাসানুর রহমানের ছেলে।
পুলিশ জানায় নিহত শিশুটির বাবা মা ঢাকাস্থ আশুলিয়ায় চাকুরী করার কারণে সেখানেই তারা বাস করতেন। গত কয়েকদিন থেকে করোনা উপসর্গে ভুগছিল শিশুটি৷ গতকাল সোমবার সন্ধ্যায় মৃত্যুবরণ করে সে।
নিহতের পরিবার তার মরদেহ এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে জলঢাকার নিজ গ্রামের বাড়ীতে নিয়ে আসে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় কবরস্থানে দাফনের আগে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরের নেতৃত্বে একটি মেডিকেল টিম মৃত শিশুটির দেহে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, "পুলিশের সহায়তায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল আজিজের নেতৃত্বে জানাজা শেষে শিশুটিকে দাফন কার্য সম্পন্ন করা হয়"।
