নীলফামারী: মরণঘাতী করোনার সংক্রমনে নীলফামারীতে আবারও নতুন করে এক সিনিয়র নার্সসহ ২জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৫ জন। শুক্রবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে দেয়া জেলা সিভিল সার্জন’র স্বাক্ষরিত করোনা পরিসংখ্যান রিপোর্ট সূত্রে জানা গেছে।
নতুন সনাক্তরা হলেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র একজন সিনিয়র নার্স। তিনি জেলা সদরের বাড়াইপাড়া গ্রামে বসবাস করেন। অপরজন হলেন ইসলামী ব্যাংক, সৈয়দপুর শাখার এক কর্মকর্তা। আক্রান্ত নার্সকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আইসল্যুশন ওয়ার্ডে এবং অপর ব্যাংক কর্মকর্তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসল্যুশন ওয়ার্ডে নেয়া হয়েছে”।
বিয়ষটি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্ম্মন বলেন, “দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতে করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পায় জেলা স্বাস্থ্য বিভাগ। এতে দেখা যায়, জেলায় নতুন ১ সিনিয়র নার্সসহ মোট ২ জনের করোনা সনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা ৩৫জন”। তিনি আরো বলেন, “গত ২৪ ঘন্টায় হোম কোয়ান্টোইনে যুক্ত হয়েছেন আরো ১৫৭জন, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ১৩৭জন, এ নিয়ে হোম কোয়ারেন্টাইনে যাওয়া ব্যক্তির সংখ্যা দাড়িয়েছে ১,৬৯০জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নতুন ১জনসহ মোট ১১৬জন”।
