
দেশে চলমান বন্যায় প্রায় ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন।
তিনি বলেছেন, বন্যাদুর্গতের জন্য সরকারি ত্রাণ-সহায়তা হিসেবে এ পর্যন্ত নগদ ৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এছাড়াও খাদ্য-সহায়তা হিসেবে দেওয়া হয়েছে ১২ হাজার ১০ মেট্রিক টন চাল ও ১ লাখ ২১ হাজার শুকনো খাবারের প্যাকেট। এনামুর রহমান বলেন, পাশাপাশি বন্যা-কবলিত এলাকার ক্ষতিগ্রস্তদের প্রাণি-সম্পদ বাঁচাতে গো-খাদ্য ক্রয়ের জন্য নগদ ১ কোটি ৪৮ লাখ টাকা ও শিশু খাদ্য ক্রয়ের জন্য আরো নগদ ৭০ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া বন্যাকবলিত অঞ্চলে ১ হাজার ৫ শ ১৯ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এসব আশ্রয়কেন্দ্রে নারী-পুরুষ-শিশু মিলিয়ে ৮৮ হাজার ৬২ জন অবস্থান করছেন।
নদ-নদীর পানির তোড়ে বন্যাকবলিত কিছু স্থানে ঘরবাড়ি ভেঙ্গে নদীতে ভেসে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকায় ঘর নির্মাণের জন্যও এ পর্যন্ত ৩ শ বান্ডেল ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ নগদ ৯ লাখ টাকা দেওয়া হয়েছে।