আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির গবাদিপশু বেচাকেনার জন্য করোনা প্রতিরোধে বৃহৎ পরিসরে লোক সমাগম কমিয়ে হাট আয়োজন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

তিনি আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশু অনলাইনে বিক্রির প্লাটফর্ম “ডিএনসিসি ডিজিটাল হাট” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এই আহ্বান জানান।

এসময় স্থানীয় সরকার মন্ত্রী, ডিজিটাল হাট থেকে প্রথম কুরবানীর পশু ক্রয় করে অনলাইনে কেনা বেচারও উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, শহর অঞ্চল ছাড়াও গ্রামগঞ্জে একটি বা দুইটি জায়গায় কোরবানির পশু বেচাকেনা করা জন্য নির্ধারণ না করে একটি ওয়ার্ডে বা ইউনিয়নে বিস্তৃত স্থানে আয়োজন করলে করোনা সংক্রমণের বিস্তাররোধে ভুমিকা রাখবে। এতে করে একদিকে যেমন পশু কেনাবেচার উপর কোন প্রভাব পড়বে না অন্যদিকে সাধারণ মানুষকে করোনার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে”।

কুরবানীর পশুর বেচাকেনার জন্য যেখানেই হাট বসানো হোক না কেন সেখানে অবশ্যই স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বসহ সরকারের অন্যান্য নির্দেশনা মেনেই বসাতে হবে এবং এ লক্ষ্যে তার মন্ত্রণালয় একটি প্রাথমিক বৈঠক করেছ বলেও উল্লেখ করেন মন্ত্রী।