রাজনৈতিক বিভাজন নয়, স্বস্তির সমাজ গড়তে চাই: রবিউল আলম (মন্ত্রী)

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী রবিউল আলম বলেছেন, রাজনৈতিক বিভাজন নয়, আমরা স্বস্তির সমাজ গড়তে চাই।

শনিবার(২১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার ৪ নং কুলিয়া ইউনিয়নের নাশুখালী সোশ্যাল ওয়েলফেয়ার হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। বিএনপি কোনো আঞ্চলিক দল নয় এই দল সারাদেশের উন্নয়ন ত্বরান্বিত করবে। দক্ষিণাঞ্চলের এই অবহেলিত জনপদের সন্তান হিসেবে আমার পক্ষে যা কিছু করা সম্ভব, তার সবকিছুই করা হবে।

তিনি দল-মত নির্বিশেষে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, যদি কোনো সুনির্দিষ্ট অপরাধী থাকে, রাষ্ট্রের আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষের ওপর অত্যাচার কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী কোনো ঘটনা ঘটলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

মন্ত্রী রবিউল আলমের এই বক্তব্য রাজনৈতিক সকল দ্বন্দ্ব ভুলে একত্রে কাজ করার আহ্বান জানায়, যাতে মসৃণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ জনগণও উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর পরিকল্পনাকে স্বাগত জানিয়ে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান ও এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী এবং সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম, সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান শেখ, সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম সজল, উপজেলা মহিলা দলের সদস্য সচিব নিলুফা ইয়াসমিন লেলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক শেখ রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোল্লা জাহিদুল আলম, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হুসাইন শিকদার সহ দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।