ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচন পরিচালনা করছেন। এমপি থাকাকালীন নিক্সন চৌধুরীর অবৈধভাবে অর্জিত কালো টাকা নির্বাচনে ব্যবহার করে ভোটের পরিবেশ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, মুজাহিদ বেগ পেশী শক্তি ও কালো টাকার প্রভাব বিস্তার করে এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করছেন এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মামলার হুমকি দিচ্ছেন।

বাবুল অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ স্ববিরোধী ও দ্বিচারিতামূলক বক্তব্য দিয়ে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং বিএনপি প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিত মিথ্যাচার চালাচ্ছেন। একই সঙ্গে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, মুজাহিদ বেগ নিক্সন চৌধুরীর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী বাশার, লিয়ন ও নজরুল নিয়মিতভাবে মুজাহিদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও তিনি দাবি করেন।

শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী মুজাহিদের কোনো কর্মীর গায়ে আঁচড় পর্যন্ত দেয়নি। অথচ বিষয়টি নিয়ে মুজাহিদ বেগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক কেএম আবু সাইদসহ ফরিদপুর জেলা এবং ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।