বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে অনুষ্ঠিত নির্বাচনের অংশ হিসেবে মোল্লাহাট উপজেলার ৪৬টি ভোটকেন্দ্রে ভোটাররা সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিএনপি, জামায়াত সহ মোট ৬টি রাজনৈতিক দল ও ২জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোট দেওয়ার জন্য নারী-পুরুষ, দুই শ্রেণীর মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। তবে সকাল থেকে নারী এবং দুপুরের পর থেকে পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। স্থানীয়দের মধ্যে ভোট দেওয়ার জন্য ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট গ্রহণের প্রক্রিয়া সুষ্ঠু ও অবাধ ছিল। পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের কঠোর তত্ত্বাবধানে নির্বাচনী কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।
তবে ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের ভোটগণনা কক্ষে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। সাংবাদিকদের নির্বাচনী আচরণবিধিতে ভোট কক্ষে প্রবেশ করে ছবি তোলার অনুমতি থাকলেও অজানা কারনে ভোটগণনার সময় সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়।
এ নির্বাচনে রাজনৈতিক উত্তেজনা ছিল শূন্যের কোঠায়। সাধারন ভোটারগন নির্বিঘ্নে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। ভোটদানের পর তরুণ ও প্রবীণ ভোটারগন নিজেদের ভোটের প্রতি গর্ব অনুভব করতে দেখা যায়।
নির্বাচনের পর প্রার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে কেন্দ্রগুলোতে পরিদর্শনে আসেন এবং প্রত্যেকেই তাদের বিজয় নিশ্চিত হিসেবে আশা প্রকাশ করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা হতে এখনো কয়েক ঘণ্টা বাকি। ফলাফল প্রকাশের প্রতিক্ষায় রয়েছে সমগ্র মোল্লাহাটবাসী।
