নিহতরা হলেন: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) ও চার মাসের সন্তান হুজাইফা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। ঈদের ছুটিতে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে সকালে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শরিফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। স্থানীয়রা অন্যদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুল ও তার চার মাস বয়সী মেয়ে হুজাইফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ওই দম্পতির ১০ বছর বয়সী ছেলে সোহানকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহতদের মরদেহ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি শনাক্তে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
