ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের আজকের দিনে তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। লক্ষ্য- একদিকে প্রতিরোধ যুদ্ধ সংগঠিত করা, অন্যদিকে, নতুন রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি তৈরি।

উত্তাল দিনগুলোতে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত আর স্বীকৃতি আদায়ও ছিল এই অস্থায়ী সরকারের পরিকল্পনায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় এম এ জি ওসমানীকে। এই সরকার ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে তুলে ধরে, যার ফলে এই সরকারকে ‘স্বাধীনতার আতুর ঘর’ বলা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।