মোল্লাহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি :

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের মোল্লাহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে ফিরে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বর্ষবরণ উপলক্ষে উপজেলার মুক্তমঞ্চে স্টল করা হয়, যেখানে পিঠা-পুলি ও গ্রামীণ ঐতিহ্যের নানা পসরা নিয়ে বসেন উদ্যোক্তাগন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এসব স্টল ঘুরে দেখেন এবং উৎসবের আমেজ উপভোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন,পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুর ব্রাহ্মণ, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক যুগ্ম আহবায়ক শেখ শাহেদ আলী, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন মোল্লাহাটবাসীর মাঝে বাংলা নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।