সাপ্তাহিক ‘মানি লাইন নিউজ’-এর বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওকে কেন্দ্র করে সাপ্তাহিক “মানি লাইন নিউজ”-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভুক্তভোগী নিখিল নামে এক ব্যক্তি।

জানা যায়, “মানি লাইন নিউজ” নামের একটি ফেসবুক পেজ থেকে গনকটুলি এলাকার একটি ভিডিওচিত্র সংবাদ আকারে প্রকাশ করা হয়। উক্ত ভিডিওর বিভিন্ন অংশে নিখিল নামের এক ব্যক্তিকে জড়িয়ে উল্লেখ করা হয় এবং তার কিছু ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

নিখিলের দাবি, ভিডিওতে ব্যবহৃত তার ছবিগুলো প্রকৃত নয়; বরং তথ্য-প্রযুক্তির সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সেগুলো তৈরি বা সংযোজন করা হয়েছে। তিনি জানান, ভিডিওতে যাদের সঙ্গে তাকে দেখানো হয়েছে, তাদের সাথে তার পূর্বে বা পরে কোনো ধরনের পরিচয় বা যোগাযোগ ছিল না।

তিনি আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই ধরনের ভুয়া তথ্য প্রচার করছে। একই সঙ্গে তার নাম ব্যবহার করে প্রশাসনিকভাবে হয়রানির চেষ্টাও করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নিখিল ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো প্রকার সত্যতা যাচাই-বাছাই ছাড়াই “মানি লাইন নিউজ” কর্তৃপক্ষ এ ধরনের সংবাদ প্রচার করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

এ বিষয়ে তিনি “মানি লাইন নিউজ”-এর সম্পাদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে উক্ত ভিডিও থেকে তার নাম ও ছবি অপসারণের দাবি জানান। পাশাপাশি প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য প্রকাশের জন্যও তিনি অনুরোধ করেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের ঝুঁকি এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।