সিকেডি হাসপাতালে চাঁদাবাজি- প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭

আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ‘চাঁদাবাজি’র ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁকে নড়াইলের কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মঈন মামলাটির এক নম্বর আসামি।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের নেতৃত্বে দেশজুড়ে সমাদৃত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টি ঘটনা ঘটে।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে কর্মী ও কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। এমনকি তিনি নিয়ম ভেঙে জোরপূর্বক অপারেশন থিয়েটারেও (ওটি) প্রবেশ করেন। ফুটেজে সিকেডির কর্মী হানিফকে শারীরিকভাবে হেনস্তা করতেও দেখা যায় তাকে।

গত শনিবার ১১ এপ্রিল কিডনি বিশেষজ্ঞ কামরুল ইসলামের প্রতিষ্ঠিত ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ।