বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে রহস্যময় এক আলোর উপস্থিতি দেখা গেছে, যা ঘিরে কক্সবাজার ও মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের আকাশে হঠাৎ এই আলোর উদয় হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আলোটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল। স্থানীয় যুবক হোছাইন মোহাম্মদ মিশুক জানান, তাঁরা বন্ধুরা সৈকতে বসে থাকা অবস্থায় আকাশে ভিন্নধর্মী আলো দেখতে পান এবং সেটি ক্যামেরাবন্দি করেন। তবে এটি কী ছিল, তা তাঁরা বুঝে উঠতে পারেননি।

এই আলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেউ কেউ একে ভিনগ্রহের যান (ইউএফও) বা উল্কাপাত হিসেবে উল্লেখ করেন। আবার অনেকে এটিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সঙ্গেও তুলনা করেন।

এ ব্যাপারে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, এটা আবহাওয়া গত বিষয় নয়।

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, ‌‘এটা ভারতের জলসীমায় ঘটেছে। অনেকে বলছেন, এটা দূরপাল্লার মিসাইল পরীক্ষা হতে পারে।’

এর আগে ভারতের ‘অগ্নি’ সিরিজের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়ও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশে এমন আলোকচ্ছটা দেখা গিয়েছিল বলে জানা যায়। বিশেষজ্ঞদের মতে, ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের উচ্চ স্তরে পৌঁছালে সূর্যাস্ত-পরবর্তী আলো বা জ্বালানির দহনের কারণে এমন উজ্জ্বল রেখা তৈরি হতে পারে।