যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে পালালেন স্বামী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মাথার চুল কেটে দেওয়া ও ছুরি আঘাত করার অভিযোগ পাওয়া গেছে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিম আক্তারের পরিবার জানায়, ২০১৯ সালে রামধনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে দীন ইসলাম দেলুর সঙ্গে মিমের বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দীন ইসলাম নরসিংদীতে একটি সেলুনে কাজ করেন। সম্প্রতি ব্যবসার কথা বলে তিনি মিমের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। মঙ্গলবার সকালে আবারও টাকার দাবিতে মিমকে বেধড়ক মারধর শুরু করেন দীন ইসলাম ও তার স্বজনরা।

ভুক্তভোগী মীম আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী ব্যবসার জন্য ৫ লাখ টাকা এনে দিতে বলে। আমি সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গাল ও হাতে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমার শ্বাশুড়ির সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, বিষয়টি জানার পর দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মিমের মা পুতুল বেগম বাদী হয়ে আখাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মিমের বাবা জহিরুল ইসলাম এই অমানবিক নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্ত দীন ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।