বাগেরহাটের মোল্লাহাটে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) নামক চেতনানাশক ড্রাগ ব্যবহার করে এক গৃহবধূর সর্বস্ব লুটে নিয়েছে এক প্রতারক চক্র। ভুক্তভোগী গৃহবধূর নাম রিনা বেগম (৪০) তিনি মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের নতুন ঘোষগাতি গ্রামের সাকায়েত হোসেন (মিজান) এর স্ত্রী।
বৃহস্পতিবার (২১ মে) আনুমানিক সকাল ১০:৪৫ মিনিটে মোল্লাহাট বাজার এলাকায় এই অভিনব ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১১টার দিকে রিনা বেগম সোনালী ব্যাংক থেকে কোরবানির পশু কেনার জন্য ৩৫ হাজার টাকা তুলে বাজারে যান। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি বা চক্রের সদস্য তাঁর পোশাকে নোংরা লেগে আছে বলে তার কাছে এগিয়ে আসে এবং কৌশলে তাঁর মুখের সামনে চেতনানাশক ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে। মুহূর্তের মধ্যে রিনা বেগম নিজের চেতনা ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ছিনতাইকারীরা টাকা নিয়ে চম্পট দেওয়ার কিছু সময় পর রিনা বেগমের ঘোর কাটলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
উদ্ধার করার সময় ভুক্তভোগী রিনা বেগম বেশ আতঙ্কিত ও অসুস্থ ছিলেন। স্থানীয়রা জানান, সচরাচর বড় শহরে এ ধরনের প্রতারক চক্রের কথা শোনা গেলেও, এখন মফস্বল এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সচেতন মহল ও প্রশাসন থেকে সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো কিছু না খাওয়া, অপরিচিত কারও হাতের কাগজ না ছোঁয়া এবং মুখের সামনে হঠাৎ কেউ রুমাল বা হাত নাড়লে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, ছিনতাইয়ের ঘটনায় কোন তথ্য বা অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
