নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সময় এক যুবককে হাতিয়ার বের করে উদ্যত হতে দেখা গেছে। একই সঙ্গে চারপাশ থেকে ‘ভাইকে সেইফ করেন, ভাইকে সেইফ করেন’ বলে চিৎকার করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে এটি কোন ধরনের হাতিয়ার, সেটি স্পষ্টভাবে ভিডিওতে বোঝা যায়নি। ওই যুবক কোন পক্ষের সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার (২২ মে) জুমার পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহ যান নাসীরুদ্দীন পাটওয়ারী। জুমার নামাজের আগে ঝিনাইদহ শহরে পৌঁছান তিনি। জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ মিছিল করে।

ভিডিওতে আরও দেখা যায়, হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর চারপাশের লোকজন আতঙ্কিত হয়ে ‘ভাইকে সেইফ করেন, ভাইকে সেইফ করেন’ বলে চিৎকার করতে থাকেন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করেন।

এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ বা যুবকের পরিচয় জানা যায়নি।