ভাইরাল সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন থানায়

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবারের ঈদে কোরবানি হচ্ছে না। মহিষটিকে বর্তমানে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে। মূলত সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতার কাছ থেকে সেটি ফেরত নিয়ে আসা হয়েছে।

বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের জন্য রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মহিষটির ক্রেতা মনিরুজ্জামানের চাচা শ্বশুর মো. তাইবুর রহমান বলেন, আমরা মূলত ঈদুল আজহার কোরবানির জন্য মহিষটি কিনেছিলাম। পরে জানতে পারি এটি অ্যালবিনো জাতের অত্যন্ত বিরল একটি মহিষ। প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় আমরা সেটি সরকারের কাছে হস্তান্তর করেছি। এমন বিরল প্রাণী দেশের সম্পদ।

বুধবার (২৭ মে) কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল সাড়ে ৫টার সময় কেরানীগঞ্জ থানায় নিয়ে যেতে দেখা যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, মালিকের বাসা থেকে মহিষটিকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী বিধায় এটাকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

জানা গেছে, শেষ মুহূর্তে সরকারি পর্যায়ে আলোচনা শেষে মহিষটিকে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে এটিকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে ফেরত পাঠানোর কথা থাকলেও পরে চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত হয়।