ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক চালকের প্রশাসনিক বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে।
অধিদপ্তরের একাধিক সূত্রের দাবি, প্রশাসনিক সিদ্ধান্তে অসন্তুষ্ট একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
সূত্রগুলোর দাবি, বদলিকৃত চালক শাখাওয়াত হোসেন তার পছন্দের ব্যক্তিদের নিয়োগ ও বদলির বিষয়ে প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তবে বর্তমান মহাপরিচালক ও পরিচালক (প্রশাসন ও অর্থ) তাতে সম্মত না হওয়ায় তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান প্রশাসনের নেতৃত্বে নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, অনৈতিক সুবিধা থেকে বঞ্চিত একটি গোষ্ঠী সেই কারণে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
অধিদপ্তরের একাধিক সূত্র আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্মে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) শহীদ আতাহার হোসেনকে নিয়ে ধারাবাহিকভাবে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। তাদের মতে, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য প্রতিষ্ঠানকে বিতর্কিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে চাপ সৃষ্টি করা।
এদিকে, অভিযুক্ত ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে সূত্রগুলো উল্লেখ করেছে।
এ বিষয়ে ড্রাইভার শাখাওয়াতের সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ও তাকে পাওয়া যায়নি।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানের সুনাম ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে এমন যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজবে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।
