আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সাজাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল-এর উদ্যোগে ক্যাম্পাসের প্যারিসরোডে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা টানানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পতাকায় বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর জাতীয় পরিচয় ও বৈচিত্র্য ফুটে উঠেছে। পতাকাগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিশ্বকাপের আগাম উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। অনেক শিক্ষার্থীকে পতাকার নিচে ছবি তুলতে এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে দেখা গেছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন প্রধান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে ক্যাম্পাসে এমন আয়োজন নতুন মাত্রা যোগ করেছে। এতে একদিকে যেমন বিশ্বকাপের আবহ তৈরি হয়েছে, অন্যদিকে বিভিন্ন দেশের প্রতি সম্মান ও আন্তর্জাতিক সম্প্রীতির বার্তাও পৌঁছে যাচ্ছে।
উদ্যোক্তা আবির হাসান হিমেল জানান, আমি একটি ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছি আপনারা জানেন, ফুটবল বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের মাঝে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সবসময়ই ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রাণবন্ত। বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ও উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা ৪৮টি দেশের পতাকা স্থাপন করেছি এবং শিক্ষার্থীরা এটা ইতিবাচকভাবে নিয়েছে এবং শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি, অনেক শিক্ষার্থী প্রিয় দলের পতাকা নিয়ে ছবি উঠছে।
