রাজধানীতে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিলে দিনেদুপুরে লোকমান হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের গুলিতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

টনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামনে এসেছে। এতে দেখা যায়, রাস্তায় একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে আছে। ফুটেজের সময় অনুযায়ী বিকেল ২টা ৩ মিনিটের দিকে হঠাৎই পথচারী ও রিকশাচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বাসের পেছনের দিকে তাকাতে থাকেন। মূলত ওই বাসের আড়ালেই গুলিবর্ষণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতায় এলাকাজুড়ে সাধারণ মানুষকে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনী দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রাথমিকভাবে জানা গেছে আহত লোকমান হোসেন একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী।

ওসি বলেন, ‘তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল। ওই ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমরা তদন্ত করে দেখছি।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, ‘ছয়জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে করে এসে লোকমানকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।’