৩৫ বছর পর আজ বাংলাদেশে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ভোট দিতে এরই মধ্যে সংসদ ভবনে প্রবেশ করেছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদে উপস্থিত হয়েছেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

সংসদীয় সমীকরণ অনুযায়ী, বর্তমানে সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন। ফলে সংখ্যার হিসেবে মির্জা ফখরুলের জয় অনেকটা নিশ্চিত থাকলেও নিয়ম অনুযায়ী ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের এই ভোট পদ্ধতি গোপন নয়; সংসদ সদস্যরা নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজের নাম লিখে স্বাক্ষর করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পরপরই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপরই আনুষ্ঠানিকভাবে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। বিজয়ী প্রার্থী আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে কথা রয়েছে।