বিদ্যুৎ-জ্বালানি সংকট পরিস্থিতি উন্নতির আশ্বাস

দেশজুড়ে চলা তীব্র বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কারণে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য বিগত সরকারের দীর্ঘদিনের ভুল ও অপরিকল্পিত নীতিকে দায়ী করেছেন তিনি। প্রতিমন্ত্রী বলেছেন, আগস্টে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, চলতি সেপ্টেম্বর মাসে তা যাতে আর না হয়-এজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

এদিক, শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকেই পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মিল-কারখানাগুলো দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০টির বেশি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাংবাদিকদের এসব কথা জানান।