নোয়াখালী প্রতিনিধি, সুজন মাহমুদ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর চৌরাস্তা এলাকায় চার লেন মহাসড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে প্রায় এক বছর আগে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজের গতি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। ধীরগতিতে কাজ চলায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে মাটি খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ চলমান রয়েছে। কোথাও মাটি ও নির্মাণসামগ্রী পড়ে থাকায় সংকুচিত হয়ে পড়েছে যান চলাচলের জায়গা। ফলে ব্যস্ত এই সড়কে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে ধীরগতি ও ভোগান্তি।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর আগে কাজ শুরু হলেও প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না নির্মাণকাজ। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে কাজ চলায় ধুলাবালি, কাদা ও যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
এরই মধ্যে কয়েক দিন আগে কেন্দুরবাগ বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু স্থানীয়দের মধ্যে সড়কের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। নির্মাণকাজ চলাকালে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এ অবস্থায় স্থানীয়দের দাবি, লক্ষ্মীপুর চৌরাস্তা এলাকার চার লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতগতিতে সম্পন্ন করা এবং কাজ চলাকালে যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
