উত্তাল ভারত, কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন।

রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও এ সময় বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষস্থানীয় বহু সাংসদ ও নেতাকর্মীকে পুলিশ আটক করে বাসে তুলে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ কার্যক্রম (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সংসদ ভবন চত্বর থেকে ‘ইন্ডিয়া’ জোটের তিন শতাধিক বিরোধী সংসদ সদস্য প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ‘নির্বাচন সদন’ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করেন। তবে মিছিলটি সংসদ মার্গে পৌঁছালে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়।

মঙ্গলবার দুপুরেও রাহুল ও প্রিয়াঙ্কাকে অল্প সময়ের জন্য পুলিশের বাসে তোলা হয়েছিল। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তখন রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশনের কার্যালয় মাত্র ৫০ মিটার দূরে হলেও তাঁদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। প্রায় ৩০০ সংসদ সদস্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চান বলেও দাবি করেন তিনি। তাঁর প্রশ্ন—জনপ্রতিনিধিরাই যদি নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে না পারেন, তাহলে গণতন্ত্রের অর্থ কী?

এদিকে এই বিক্ষোভের জেরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা পুরোপুরি অস্বীকার করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট। তারা জানিয়েছে, এটি সম্পূর্ণ বানোয়াট খবর এবং সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।