গোদাগাড়ীর মাদক ব্যবসায়ী সোহেল ধর্ষণ মামলায় কারাগারে

হাবিব জুয়েল, রাজশাহী 

আত্মীয়তার পবিত্র সম্পর্কের আড়ালে যে এমন ভয়ংকর প্রতারণা লুকিয়ে থাকতে পারে, তা হয়তো কল্পনাও করেননি রাজশাহীর গোদাগাড়ীর তরুণী পলি খাতুন।

বিয়ের রঙিন স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক, এরপর অনাগত সন্তানকে কৌশলে নষ্ট করে দিয়ে মুখ ফিরিয়ে নেওয়াসহ সব মিলিয়ে এক চরম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি অভিযুক্ত ফুফাতো ভাই সোহেল রানার। আইনের জালে আটকা পড়ে এখন তাঁর ঠিকানা হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে।

ঘটনার সূত্রপাত,রাজশাহী গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর এলাকায়। ভুক্তভোগী মোছা. পলি খাতুনের (২৯) বাড়িতে আত্মীয়তার সুবাদে অবাধ যাতায়াত ছিল তাঁরই ফুফাতো ভাই মো. সোহেল রানার (৩৭)। পারিবারিক এই ঘনিষ্ঠতাকেই ঢাল হিসেবে ব্যবহার করেন সোহেল। একপর্যায়ে আর্থিক প্রলোভন আর নতুন সংসার বাঁধার মিষ্টি আশ্বাসে পলির সরল বিশ্বাসের সুযোগ নিয়ে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সকাল থেকে ১৬ মে পর্যন্ত বিভিন্ন সময়ে পলির নিজ বাড়িতেই তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান সোহেল। সম্পর্কের একপর্যায়ে পলি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বেরিয়ে আসে সোহেলের আসল রূপ। দায় এড়াতে পলির সম্মতি ছাড়াই অত্যন্ত চতুরতা ও নির্মমতার সঙ্গে তাঁর গর্ভপাত ঘটিয়ে দেন সোহেল।

গর্ভপাতের পর পলি বিয়ের জন্য চাপ দিলে সোহেল নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন এবং একপর্যায়ে সরাসরি বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি মো. নাজমুল হকসহ এলাকার আরও বেশ কয়েকজন জানতেন। প্রিয়জনের এমন বিশ্বাসঘাতকতায় মানসিকভাবে ভেঙে পড়লেও দমে যাননি পলি। পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে ন্যায়বিচারের আশায় গোদাগাড়ী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন তিনি।

মামলা দায়েরের পর থেকেই বেকায়দায় পড়েন অভিযুক্ত সোহেল রানা। অবশেষে গত ১৬/১১/২০২৬ ইং তারিখ সোমবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কেবল এই প্রতারণাই নয়, সোহেল রানা ও তাঁর ভাই মাদকের গডফাদার টিপুর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকারও একাধিক অভিযোগ রয়েছে।