বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে বিজিবির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। এসব যানবাহন সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে।
এদিকে, প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করেছে বিজিবি। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং করা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা পাওয়া সম্ভব হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
