ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে। এরই মধ্যে নতুন করে অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

মেটা জানিয়েছে, এত দিন একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ব্যক্তিগত আগ্রহ, পছন্দ কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার জন্য ব্যবহারকারীরা এসব প্রোফাইল ব্যবহার করতেন। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা বন্ধু তালিকা, সংবাদপ্রবাহ এবং বিভিন্ন গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধা ছিল।

মেটা আরও জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলেও অন্যরা বিভিন্ন উপায়ে বুঝতে পারেন যে প্রোফাইলগুলো একই ব্যক্তির। যেমন, একাধিক প্রোফাইলে একই নাম বা ছবি ব্যবহার করলে সহজেই সেগুলোর মধ্যে সম্পর্ক শনাক্ত করা সম্ভব।

এ ছাড়া একই বন্ধুদের সঙ্গে যুক্ত হওয়া, একই ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, একই গ্রুপে যোগ দেওয়া, একই পেজ অনুসরণ করা কিংবা একই পোস্টে প্রতিক্রিয়া জানানোর মাধ্যমেও অন্যরা প্রোফাইলগুলোর যোগসূত্র বুঝতে পারেন।

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের মূল প্রোফাইলও অন্যদের কাছে সুপারিশ করা হতে পারে। কেউ যদি ফোন নম্বর বা ই-মেইল ঠিকানার মাধ্যমে মূল প্রোফাইল খুঁজে পাওয়ার অনুমতি দিয়ে রাখেন, তাহলে অন্যরা সহজেই সেটি খুঁজে পেতে পারেন।

মেটা আরও জানিয়েছে, তারা ধাপে ধাপে ব্যবহারকারীদের মেটা অ্যাকাউন্ট ব্যবস্থায় স্থানান্তর করছে। এ কারণে কারও অ্যাকাউন্ট সেটিংসে 'Accounts Centre' দেখা যেতে পারে, আবার কারও ক্ষেত্রে 'Meta Account settings' অপশন থাকতে পারে।