
আজ রমজান শেষের খুশির ঈদের দিনই নজরুলের জন্মবার্ষিকী; ১২১তম নজরুল জয়ন্তী।
ঈদের দিন এক ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন পরিবেশে আজ তাঁকে স্মরণ করবে মানুষ। করোনাভাইরাসের প্রকোপে বহুদিন ধরেই জনসমাগম নিষিদ্ধ। তাই প্রতিবছর যেমন আয়োজন করে উদযাপন করা হয় দ্রোহের কবির জন্মদিন, এ বছর সেভাবে পালন করা যাবে না। তাই বলে থেমে থাকবে না জন্মদিনের উৎসব। ভার্চ্যুয়াল নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে জন্মোৎসব। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নির্মিত ‘জাগো অমৃত পিয়াসী’ শীর্ষক আনুমানিক ৫০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠান আজ বেলা ১১টা বা নিকটতম সময়ে বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচারিত হবে বলে সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের সঙ্গে নাচ করেছেন দেশ-বিদেশের নৃত্যশিল্পীরা। করোনাকালে কবির জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর গানে গানে নাচের আয়োজন করেছেন তাঁরা। সেসব নাচের ভিডিও জড়ো করে একযোগে প্রকাশিত হবে অনলাইন প্ল্যাটফর্মে।