প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের কবল থেকে দেশবাসীর মুক্তি লাভের দৃঢ় আশাবাদ পুণর্ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকারের নেতৃত্বে দেশ আবারো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস যদিও আমাদের সকল অগ্রযাত্রা সাময়িকভাবে থামিয়ে দিয়েছে। তবে, আমি আশা করি, জনগণ এরথেকে মুক্তি পাবে এবং আবার আমরা এগিয়ে যাব।’

দেশ, জাতির জন্য কাজ করা ও কল্যাণ করা, যেকোন প্রতিকূল অবস্থা মোকাবেলা এবং সৎপথে থাকার বিষয়টি তাঁকে জাতির পিতাই শিখিয়ে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীনতা এনে দিয়ে গেছেন। কাজেই, তাঁর আদর্শেই দেশকে গড়তে চাই ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ হিসেবে। ইনশাল্লাহ এই বাংলাদেশ একদিন ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।