নির্বাচিত হলে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের

ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি। মানুষের নিরাপত্তা নিশ্চিতে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এমনকি অপরাধী নিজ দলের হলেও কোনো ছাড় দেয়া হবে না— এমনটাই জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই অঙ্গীকার করেন তিনি।

তারেক রহমান বলেন, মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। আমাদেরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনও উন্নয়ন হবে না। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে।

পরে তারেক বলেন, ‘বিএনপি আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের সমর্থনে সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী গঠনের কাজ দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে। যার মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানকার ব্যবসা বাণিজ্য এখান থেকেই পরিচালিত হবে।’
ইপিজেডের সংখ্যা বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামসহ দেশের জলবদ্ধতা নিরসন করা হবে সারা দেশে। খাল খনন কর্মসূচি আবারও শুরু করবে বিএনপি। যেন কৃষকদের উপকারের পাশাপাশি জলবদ্ধতা দূর হয়।

শিক্ষাখাতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বাস্তবসম্মত জ্ঞান অর্জনের দিকে গুরুত্ব দেন বিএনপি প্রধান। বলেন, কেবলমাত্র সার্টিফিকেট নয়, কর্মসংস্থান ভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে বিএনপি।