স্ত্রীকে কুপ্রস্তাব দেয়ায় প্রতিবেশীকে হত্যা করলেন স্বামী, ১৯ মাস পর কঙ্কাল উদ্ধার

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় নিখোঁজের ১৯ মাস পর সুমন হোসেন (৩৯) নামে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কয়শা গ্রামের একটি ডোবার পানি সেচে ও মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ২০ জুন রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে কয়শা গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুমন বাড়ি থেকে বের হন এবং আর ফেরেননি। নিখোঁজের দুই দিন পর পরিবারের পক্ষ থেকে আত্রাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পরিবারের লোকেরা বাড়ির পাশে ইটের উপর রক্তের দাগ দেখে পুলিশকে অবহিত করেন। পুলিশের পরীক্ষা অনুযায়ী, রক্তের নমুনা সুমনের সাথে মেলেছে। এরপর ১৫ নভেম্বর তার স্ত্রী আত্রাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানান, মামলার কোনো অগ্রগতি না হওয়ায় নতুন তথ্যের ভিত্তিতে পুনরায় তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তিতে জানা যায়, সুমন তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন এবং হাত ধরে টানাটানি করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২২ জুন রাত ১২টার দিকে সুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছোট ভাইয়ের সহযোগিতায় গ্রামের নির্জন রাস্তায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে দুই ভাই মরদেহ ডোবায় মাটিচাপা দেন। খুনির ওই ভাই কয়েক মাস আগে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে গ্রেপ্তার আসামির দেখানো পয়সা গ্রামের রমজানের পুকুরের পানির ডোবা সেচে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ সুমনের হাড়গোড়সহ বিচ্ছিন্ন কঙ্কাল উদ্ধার করে।