রাজধানীর কামরাঙ্গীরচর থানার বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের সত্যতা যাচাই করতে চ্যানেল সেভেন-এর একটি বিশেষ অনুসন্ধানী টিম অভিযান পরিচালনা করেছে। অভিযানে এলাকার দোকান, হোটেল ও বাসাবাড়ি পরিদর্শন করা হয়।
তদন্তে দেখা যায়, গত চার থেকে পাঁচ দিন ধরে এলপিজি গ্যাস ব্যবসায়ীরা গ্যাস সরবরাহ করতে পারছেন না বলে দাবি করছেন। অথচ ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি দামে গ্যাস কিনতে বাধ্য করা হচ্ছে। যেখানে সরকার কর্তৃক ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩০৬ টাকা, সেখানে বিভিন্ন স্থানে ১,৮২৪ টাকা থেকে শুরু করে কোথাও কোথাও ২,৬০০ টাকায় পর্যন্ত গ্যাস বিক্রি করা হচ্ছে।
অভিযানকালে বেশ কয়েকটি দোকানে গ্যাসের সিলিন্ডার মজুদ থাকলেও ব্যবসায়ীরা দাবি করেন, সিলিন্ডারগুলো খালি এবং তাতে কোনো গ্যাস নেই। একই সঙ্গে তারা জানান, নিজেদের পরিবারের ব্যবহারের জন্যও বাধ্য হয়ে অন্য স্থান থেকে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস কিনতে হচ্ছে। তবে চ্যানেল সেভেন-এর অনুসন্ধানে এসব তথ্যের অসঙ্গতি স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়েছে।
এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত গ্যাস সংকট নিরসনের জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি, এ ধরনের অনিয়ম ও বাজার অস্থিতিশীলতা রোধে নিয়মিত অভিযান পরিচালনা এবং গণমাধ্যমকে সঙ্গে নিয়ে তদারকি জোরদারের আহ্বান জানানো হয়েছে।