৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন

৯ তলা ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে কিশোরী তিন বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত প্রকাশ করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি আবাসিক ভবনে ঘটনাটি ঘটে। নিহত তিন বোনের বয়স ১২, ১৪ ও ১৬ বছর। পুলিশ জানায়, তারা একটি হাতে লেখা নোট রেখে গেছে, যেখানে লেখা ছিল-‘স্যরি, পাপা’।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ার মতো তুচ্ছ পারিবারিক বিরোধের পর তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। পুলিশ একটি ডায়েরি ও আট পৃষ্ঠার নোট উদ্ধার করেছে, যেখানে তাদের দৈনন্দিন অভ্যাস ও মানসিক অবস্থার কথা লেখা ছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন বোন এক কোরিয়ান গেমের নেশায় ছিল, যা তাদের মধ্যে পারিবারিক কলহের অন্যতম কারণ ছিল। করোনাকালে তারা অনলাইনে গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে, নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তারা তাদের গেমের প্রিয় চরিত্রের মতো নিজেদের কোরিয়ান নামও ব্যবহার করত।

গেম আসক্তির কারণে তাদের আচরণে এক ধরনের অদ্ভুত ঘনিষ্ঠতা ছিল, খাওয়া, ঘুমানো, গোসল সবকিছুই তারা একসঙ্গে করত। বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে কান্নার ইমোজি দিয়ে লেখা ছিল, ‘দুঃখিত, বাবা’।

এই ঘটনাটি সামাজিক সচেতনতার জন্য একটি শোকাবহ সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। যেখানে তরুণ প্রজন্মের মানসিক চাপ ও গেম আসক্তির প্রভাবের গুরুত্ব পুনরায় আলোচিত হচ্ছে।