মানুষ প্রত‍্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে তাই আছে: প্রধানমন্ত্রী

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, তাই সকল নেতাকর্মীদের ধৈর্য্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এসে, উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতেই তারেক রহমান দলীয় কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ করে স্লোগান দেওয়া এবং ভিড় জমানোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘প্রতিদিন যদি রাস্তা এভাবে বন্ধ করে দেওয়া হয়, তাতে দলের বদনাম হবে এবং মানুষের কষ্ট হবে। এভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টা হচ্ছে আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে। কিন্তু প্রতিদিন যদি রাস্তা এভাবে করে বন্ধ করে দেওয়া হয়, তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। ঠিক আছে? এভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। যেভাবে সাধারণ স্বাভাবিক বিষয় সেটি আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে স্বাভাবিক থাকে সবকিছু। অফিসে আমি আরও আসব। কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আজ যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সঙ্গে দেখা-সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে।’

তিনি আরও আহ্বান করেন, দলের নেতাকর্মীরা যেন দেশের মানুষের দুর্ভোগের কারণ না হন। এ ব্যাপারে তিনি প্রত্যেক নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।