বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার খবরে বাগেরহাটের মোল্লাহাটে পেট্রোল পাম্প গুলিতে উপচে পড়া ভিড় ও সরবরাহ সংকটের অভিযোগ উঠেছে।
মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে। কোথাও কোথাও পাম্প বন্ধ রাখার অভিযোগও উঠেছে।
তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় অনেকে আগেভাগেই ট্যাংক ভর্তি করে নেওয়ার চেষ্টা করেছে।
বিশেষ করে খুচরা বিক্রেতাগণ চাহিদার তুলনায় দ্বিগুণ তেল মজুদের পায়তারা করছে।
রাতে কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরে দেখা যায়, তেল নেওয়ার জন্য পাম্পে উপচে পড়া ভিড়।
কয়েকজন ড্রাইভার অভিযোগ করে বলেন, চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। কোন কোন পাম্পের মজুদ শেষ বলে বিক্রি বন্ধ রাখা হয়েছে।
মোটর সাইকেলে ১০০ টাকার বেশি তেল দেয়া হচ্ছে না বলেও কয়েকজন অভিযোগ করেছেন।
তবে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ বলছে, নিয়মিত ডিপো থেকে যেমন সরবরাহ করা হয় তেমনই সরবারাহ দিচ্ছে এবং স্বাভাবিকভাবেই বিক্রি হচ্ছে। কিন্তু কিছু লোক দাম বাড়বে ভেবে অতিরিক্ত তেল সংগ্রহ করছে। যার ফলে সংকট তৈরি হচ্ছে। অতিরিক্ত চাহিদার ফলে কিছু কিছু পাম্পের মজুদ ফুরিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন জানান, তেলের কোন সংকট নেই। দাম বাড়বে ভেবে সবাই অতিরিক্ত তেল মজুদের চেষ্টা করছে। খুচরা বিক্রেতাগণ গতকাল থেকেই অতিরিক্ত তেলের জন্য ফোন করছে এবং সাধারণ গ্রাহকরাও চেষ্টা করছে কিছু বেশি সংগ্রহ করার জন্য। তবে চাহিদা অনুযায়ী যতক্ষন তেল থাকবে ততক্ষণ ই সরবারহ চলতে থাকবে।
এ বিষয়ে বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, সরকার নির্ধারিত দামে যতক্ষণ তেল মজুত থাকবে, ততক্ষণ সরবরাহ চালু রাখতে হবে তবে চাহিদার তুলনায় দ্বিগুণ সংগ্রহ করা যাবে না। কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তবে ভোক্তা অধিকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
