হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। পশ্চিমবঙ্গ এসটিএফ সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি হাদি হত্যা মামলার মূল দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সহায়তা করেছিলেন।

খবরে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে শান্তিপুর বাইপাসসংলগ্ন এলাকা থেকে ফিলিপকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট ও ভারতের মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন পারাপার করাতেন। একইভাবে তার সহায়তায় বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল ফয়সালরাও।