পুরান ঢাকার প্রতিনিধি
৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ০৯ এপ্রিল ২০২৬ সকাল ১০ ঘটিকায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের সকল পদবির কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।
সকাল ১০-০০ ঘটিকায় প্রধান অতিথি এসে পৌঁছালে কুরআন থেকে তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি ভাষণ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর ভাষণে পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেনকে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এছাড়া অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি সকলকে সততার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন। প্রধান অতিথির ভাষণ শেষে ফায়ার সার্ভিসের সকল শহিদকে স্মরণ করে এবং এ অধিদপ্তরের সাফল্য কামনা করে দোয়া করা হয়। এরপর মহাপরিচালক মহোদয় সকল পদবির কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। সকলের মাঝে কেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের এমডি লেঃ কর্নেল মোঃ আনোয়ার উদ্দিন, পিএসসি (অবঃ) মহোদয়; উপপরিচালক (প্রশাঃ ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান, বিএফএম, উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) জনাব মোঃ মামুনুর রশিদ, উপপরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) জনাব ফরিদ আহমদ চৌধুরী, উপপরিচালক (পরিকল্পনা) মোঃ মনির হোসেন, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ জনাব মোঃ আক্তার হোসেনসহ অধিদপ্তরের সকল পদবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৮১ সালের ০৯ এপ্রিল ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের রেসকিউ ইউনিট একীভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অধিদপ্তরসহ সকল বিভাগীয় দপ্তর ও স্টেশনসমূহে বড় খানার আয়োজন করা হয়।
