(জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত এক সপ্তাহের ব্যবধানে দুইটি চুরির ঘটনা ঘটেছে ক্যাম্পাসের রফিক ভবনের সামনে।
গতকাল ৯ এপ্রিল (বৃহস্পতিবার) এক সিসিটিভি ফুটেজে দেখা যায় রফিক ভবনের নিচে এক নারী শিক্ষার্থী তার মোবাইল ফোন পেছনে বেঞ্চে রেখে অন্য নারী শিক্ষার্থীর সাথে কথোপকথন চলাকালীন বহিরাগত একজন লোক শিক্ষার্থীরা উপস্থিত থাকা অবস্থায় বেঞ্চ থেকে গোপনে মোবাইল ফোনটি চুরি করে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করেন।
এর আগেও গত ২রা এপ্রিল প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থী রফিক ভবনের নিচে তার ব্যাগ ভুলে রেখে চলে গেলে এক রিকশাওয়ালা সিকিউরিটি গার্ডের নজর এড়িয়ে ব্যাগটি নিয়ে চলে যায়। এ বিষয়ে, ভুক্তভোগী শিক্ষার্থী জানান সেই ব্যাগে তার মোবাইলসহ বেশ কিছু টাকা ছিল। ঘটানাটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে পরিষ্কার হয়।
উপরোক্ত দুটি ঘটনা শিক্ষার্থীদের মাঝে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের মধ্যে আরো আতংক বিরাজ করছে। প্রশাসনের কড়া নিরাপত্তার মাঝেও কিভাবে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা শিক্ষার্থীদের মনে প্রশ্ন জেগেছে। দুটি চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসন দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়ায় নিরাপত্তা জোরদার সহ উপরোক্ত ঘটনায় অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে সক্ষম হবে।
