কুবিতে নারী শিক্ষার্থীকে উত্যক্ত, মুচলেকায় ছাড়া পেল যুবক

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা। পরে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে অভিযুক্তকে তার পরিবারের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রক্টর অফিসে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাটি জানাজানি হলে সেখানে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় চলে এলেও তার পিছু ছাড়েননি ওই যুবক। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন।

পরে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত যুবকের পরিবারকে ডেকে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজ দুপুর ২টার দিকে এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করে। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে তার অভিভাবক ছেলের দায়িত্ব নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”