যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের মরদেহ উদ্ধারের কথা জানায়।
অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তাদের নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি নিহত জামিলের রুমমেট। শুক্রবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি জানিয়েছে। বর্তমানে গ্রেপ্তার ওই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
লিমন ও বৃষ্টির প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ের পরিকল্পনা করছিলেন বলে লিমনের ভাই জানান।
নিহত লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে বৃষ্টি রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। তাদের দুজনের বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
