বৈরী আবহাওয়ায় কুবির বিভাগগুলো নিজস্ব সিদ্ধান্তে পরীক্ষা নিতে পারবে

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা কার্যক্রম নিয়ে নমনীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বিভাগগুলোকে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিভাগভিত্তিকভাবে পরীক্ষা পরিচালনার বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে সংশ্লিষ্ট বিভাগগুলো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে বিভাগগুলোকে পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার স্বাধীনতা দেওয়া হয়েছে।

বর্তমানেও ক্যাম্পাসে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিভাগভিত্তিক সিদ্ধান্তে পরীক্ষা কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

প্রসঙ্গত, অতিরিক্ত ঝড়ের কারণে গত ২৬ এপ্রিল থেকে টানা প্রায় ২৮ ঘণ্টা কুবি ক্যাম্পাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এ অবস্থায় ২৮ এপ্রিল নির্ধারিত সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়।