র্যাব সূত্রে জানা যায়, সম্প্রতি বৈশাখী টেলিভিশন এ প্রচারিত একটি সংবাদে হাজারীবাগের গণকটুলি এলাকায় প্রকাশ্যে মাদক লেনদেনের দৃশ্য উঠে আসে। প্রতিবেদনে দেখা যায়, মাদক সম্রাট হিসেবে পরিচিত স্বপন তার থ্রি-কোয়ার্টার প্যান্টের পকেট থেকে মাদক বের করে সহযোগী টিটুর কাছে দিচ্ছেন এবং টিটু তা বিক্রি করছেন।
টেলিভিশনে সংবাদটি প্রচারের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে র্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টিটুকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অভিযানের সময় স্বপন কৌশলে পালিয়ে যায়।
র্যাব জানায়, পলাতক মাদক ব্যবসায়ী স্বপনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত টিটুকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হাজারীবাগ থানা এ হস্তান্তর করা হয়েছে।
এদিকে, হাজারীবাগ এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ‘দাড়িওয়ালা আমির’ নামে পরিচিত এক ব্যক্তি স্বপনকে নানাভাবে সহযোগিতা করে আসছেন। তারা দাবি করেন, আমির নিজেকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
