বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “প্রকাশনা উৎসব–২০২৬” শুরু হয়েছে। শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধি, জ্ঞানচর্চা ও আদর্শভিত্তিক প্রকাশনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, এবং জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, এবং আব্দুল আলিম আরিফ সেক্রেটারি , ইব্রাহীম খলিলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, "দুই দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন ধরনের বই, সাময়িকী ও ইসলামী সাহিত্য প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বই সংগ্রহের সুযোগ ও বিভিন্ন প্রকাশনা সম্পর্কে জানার ব্যবস্থা।"
উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকে বই ঘেঁটে দেখছেন, কেউ কেউ পছন্দের বই সংগ্রহ করছেন।
জবি শাখা ছাত্রশিবিরের নেতারা জানান, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও ইতিবাচক চিন্তাচর্চা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
