মঙ্গলবার (২৬ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, ঈদের আনন্দ যেন শুধু ধনীদের মাঝে সীমাবদ্ধ না থাকে, সেজন্যই বর্তমান সরকার মহান জাতীয় সংসদের সংসদ সদস্যদের মাধ্যমে এই মানবিক সহায়তা প্রদানের মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। সমাজের কোনো মানুষ যেন ঈদ উদযাপনে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, জামাতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ আলম, উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ মোকাররম হোসেন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন, খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত অসহায় ও দুস্থদের তালিকা তৈরি করে এই নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। সরকারি এই সহায়তা ঈদের প্রাক্কালে দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে সাহায্য করবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে ঈদের বিশেষ উপহার হিসেবে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়। আকস্মিক এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ। তারা মাননীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
