রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে সন্ধ্যায় গাড়ির জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া আদায়েরও। তবে যারা আগাম টিকিট সংগ্রহ করেছেন তারা অনেকটা নির্বিঘ্নে বাড়ির উদ্দেশে রওনা হতে পারছেন।
সকাল থেকেই ট্রেনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ছাদে যাত্রী ওঠা ঠেকানো যায়নি আজও। যাত্রীরা জানান, সড়কপথে প্রচন্ড যানজটের কারনে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত। কিন্তু শিডিউল ঠিক না থাকায় রেলপথেও তৈরি হচ্ছে ভোগান্তি।
আজ ভোররাতের আকস্মিক বৃষ্টির কারণে বাস টার্মিনালগুলোতে কর্দমাক্ত পরিবেশ তৈরি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বহুগুণ বেড়ে যায়। সকালে সায়দাবাদ বাস টার্মিনালে অনেক বাস নির্ধারিত সময়ের চেয়ে দুই থেকে আড়াই ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়েছে। সেই সাথে ঘরমুখো মানুষের নিরুপায় অবস্থার সুযোগ নিয়ে অনেক পরিবহন চালক ও হেলপারদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তবে এত সব ভোগান্তি, অবহেলা আর প্রশাসনিক অব্যবস্থাপনার পরও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উদযাপনের চেনা হাসিমুখেই বাড়ি ফিরছেন উৎসবমুখর মানুষ।
