শনিবার (৩০ মে) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শনে গেলে এ দৃশ্য ধরা পড়ে। এ সময় মন্ত্রী বিস্কুটের ফ্যাক্টরি দেখে ক্ষোভ প্রকাশ করে জানান, বিষয়টি শক্তভাবে দেখা হবে।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের তৃতীয় তলায় একটি বেকারি পণ্যের কারখানা দেখতে পান। সেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়াই বড় বড় ইলেকট্রিক চুল্লির মাধ্যমে বিভিন্ন বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া ওই বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে বেশ কিছু ময়লা-আবর্জনাও দেখতে পান তারা। একটি স্পর্শকাতর চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের ভেতরে এই ধরনের বাণিজ্যিক ও ঝুঁকিপূর্ণ কারখানা পরিচালনা করায় মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো প্রতিষ্ঠানে এটি অন্তত দুঃখজনক ঘটনা। আমরা এখানে এসে জানতে পারি এখানে একটি বেকারি আছে। এখানে কথা বলার মতো কাউকে পেলাম না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন। কারণ, সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
